
খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকায় মাছের ঘেরের পানি থেকে মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মমিনবাগ বিলের ভেতর একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
নিহত বাপ্পি ইলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর লাশ গুম করার জন্য মাছের ঘেরে ফেলে দিয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাপ্পি। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, কী কারণে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঘের থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।