
স্টাফ রিপোর্টার।। আধুনিক প্রযুক্তিনির্ভর সময়ে সংবাদপত্র ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি বলে মন্তব্য করেছেন দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নয়নে সংবাদপত্র ছাড়া কোনোক্রমেই অগ্রগতির পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়।”শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর রামপুরার ৪৫৫, ডিআইটি রোড সংলগ্ন রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর চৌধুরী ভোলা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী ও দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা লায়ন হারুনর রশীদ দুলাল, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন খান আক্তারুজ্জামান, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও পত্রিকার উপদেষ্টা লায়ন শেখ মনিরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও কন্ট্রোলার শাখা কর্মকর্তা এবং দৈনিক ফলাফল পত্রিকার নির্বাহী সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন মোহাম্মদ রায়হান উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মোহাম্মদ আফজাল হোসেন। বক্তারা তাঁদের বক্তব্যে সংবাদপত্রের স্বাধীনতা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজে সত্যনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, একটি স্বাধীন ও জবাবদিহিমূলক সংবাদমাধ্যমই পরিবার, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। আলোচনা সভাটি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং পেশাদার সাংবাদিকতার মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয়ে সম্পন্ন হয়।