
এজি রানা, খুলনা। খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম আয়োজন ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার। খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে বিকেল ৪টা ৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা ও সাহিত্যসভা অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে সাহিত্য, সংগঠন ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘খুলনা রত্ন’ সম্মাননায় ভূষিত করা হবে। তারা হলেন— প্রবীণ সংগঠক ও সাহিত্যিক রুহুল আমিন সিদ্দিকি, সদ্য প্রয়াত কবি, সাংবাদিক ও কলামিস্ট এম হেফজুর রহমান (মরণোত্তর) এবং প্রখ্যাত শিশুসাহিত্যিক আশরাফুন্নেসা দুলু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুহম্মদ ইয়াইয়াহ আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য আলোচক প্রফেসর আব্দুল মান্নান এবং খুলনা কবি-সাহিত্যিক ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আইয়ুব আলী। ফোরামের অনুষ্ঠান সমন্বয়ক ও সদস্য সচিব আজাদুল হক আজাদ এক বিবৃতিতে সাহিত্যপ্রেমী, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিমনা সকলকে স্ববান্ধব অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।আয়োজকদের প্রত্যাশা, গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে খুলনার সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের সৃজনশীল চর্চায় এ আয়োজন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।