
দীর্ঘ ২৫ বছরের পেশাগত সাংবাদিকতা জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসা জ্যেষ্ঠ সাংবাদিক মো. মামুন রেজা তাঁর বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।এক প্রতিবাদলিপিতে তিনি জানান, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনে তিনি দৈনিক প্রবাহ, জাতীয় দৈনিক আমার দেশ, আজকের কাগজ, বিজনেস বাংলাদেশ এবং বাংলা টিভিসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।মো. মামুন রেজা অভিযোগ করেন, সম্প্রতি ‘দৈনিক খুলনার চোখ’ নামের একটি অনুমোদনহীন ও ভুঁইফোড় ফেসবুক পেজে তাঁকে জড়িয়ে সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা ও মানহানিকর কিছু তথ্য প্রচার করা হয়েছে।একজন পেশাদার সাংবাদিক হিসেবে তিনি এ ধরনের অপপ্রচারকে গভীর ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।রাজনৈতিক পরিচয়ের অপপ্রচারের জবাব : প্রতিবাদলিপিতে তিনি বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব।সংবাদ সংগ্রহ ও প্রকাশের স্বার্থে সাংবাদিকদের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সংগঠন ও দলের কর্মসূচি কাভার করতে হয় এবং তথ্য সংগ্রহ করতে হয়। কোনো ব্যক্তি বা দলের সংবাদ প্রকাশের সূত্র ধরে একজন সাংবাদিককে রাজনৈতিকভাবে চিহ্নিত করার চেষ্টা পেশাদার সাংবাদিকতার পরিপন্থী।তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কোনো রাজনৈতিক দলের নীতিগত আদর্শের অংশ হননি এবং কোনো দলের সক্রিয় কর্মী হিসেবেও দলীয় সভা, মিছিল বা কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে দেখা গেলে তা কেবল একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের অংশ ছিল।চরিত্রহননের অপচেষ্টার প্রতিবাদ : মো. মামুন রেজা তাঁর বিরুদ্ধে ‘মাদক সেবনকারী’ হিসেবে যে অভিযোগ প্রচার করা হয়েছে, তাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হাস্যকর দাবি হিসেবে আখ্যায়িত করেছেন।তিনি বলেন, খুলনাঞ্চলের মানুষ ও তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা তাঁর ব্যক্তিগত জীবন ও নৈতিক অবস্থান সম্পর্কে অবগত। তিনি দাবি করেন, জীবনে কখনো একটি সিগারেট পর্যন্ত স্পর্শ করেননি। তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।আইনি পদক্ষেপের হুঁশিয়ারি : প্রতিবাদলিপিতে মো. মামুন রেজা বলেন, অনুমোদনহীন ও ভুঁইফোড় পেজ ব্যবহার করে ব্যক্তিস্বার্থ বা কোনো মহলের ইন্ধনে একজন সাংবাদিকের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রত্যাহার করা না হলে এবং এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তিনি প্রচলিত ডিজিটাল নিরাপত্তা ও মানহানি সংক্রান্ত আইনের আওতায় কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।বিভ্রান্ত না হওয়ার আহ্বান : খুলনাবাসী ও তাঁর সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মো. মামুন রেজা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভীতিপ্রদর্শনকারী বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছেন।তিনি বলেন, গত ২৫ বছর যেভাবে সত্য ও বস্তুনিষ্ঠতার পক্ষে কলম ধরেছেন, আগামীতেও একইভাবে সাংবাদিকতার নীতি ও আদর্শ অনুসরণ করে কাজ করে যেতে চান।সবশেষে তিনি খুলনাবাসীসহ সকলের কাছে দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেছেন।