
স্টাফ রিপোর্টার, খুলনা।।খুলনা মহানগরীর সদর থানার অন্তর্গত টুটপাড়া বালুর মাঠ এলাকার দারোগার বস্তিতে মাদক–সংক্রান্ত বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মুখোশ ও ক্যাপ পরিহিত কয়েকজন ব্যক্তি নূর আজিম গ্রুপের সদস্য পরিচয়ে নয়ন শেখ (২৫) নামের ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এসময় হামলাকারীদের মধ্যে ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) সহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি ছিল বলে জানা গেছে।হঠাৎ এই হামলায় নয়ন শেখের ডান পায়ের উরুতে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত প্রায় ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। নয়ন শেখ খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, নয়ন শেখ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাধিক মামলার আসামি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।