
মাগুরার মহম্মদপুরে পুলিশি অভিযানে অনলাইন জুয়া ও বিকাশ প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার দিগমাঝি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে মোঃ সোহানুর ইসলাম (৩০), চরপাচুড়িয়া গ্রামের মৃত আঃ শুকুরের ছেলে মোহাম্মাদ (৩৮) ও মহেশপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ বদরুল আলম (৩০)।গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার এসআই (নিঃ) মামুন হোসেন সংগীয় ফোর্সসহ ঝামা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে সন্দেহভাজন হিসেবে এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি সচল স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— ১টি কালো রঙের Infinix, ১টি কালো রঙের Realme এবং ১টি গোল্ডেন রঙের Samsung Duos অ্যান্ড্রয়েড ফোন।পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া এবং বিকাশে সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সাধারণ গ্রাহকদের সর্বস্ব হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় এ ধরণের ডিজিটাল অপরাধ ও প্রতারণা নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।