
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে সরকারের নির্ধারিত সীমার অতিরিক্ত পাট মজুদকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পাট অধিদপ্তর। সারাদেশব্যাপী চলমান এই অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অভিযান চালানো হয়।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঘিওর বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০০০ মনের বেশি পাট মজুদ করা ব্যবসায়ীদের সতর্ক করে ১০ দিনের মধ্যে সরকার নির্ধারিত সীমার মধ্যে পাট মজুদ নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মুনতাছির মামুন মনি এবং মো. শায়খ সিহাব উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব হোসেন।অভিযানে সহায়তা করেন মানিকগঞ্জ পাট অধিদপ্তরের পরিদর্শক আশীষ কুমার ভৌমিক, ঘিওর উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন ও মানিকগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।অভিযান শেষে নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব হোসেন বলেন, “সরকারের নির্দেশনা অমান্য করে যারা নির্ধারিত সীমার বেশি পাট মজুদ করেছে, তাদের বিরুদ্ধে সারাদেশের মতো ঘিওর উপজেলাতেও অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”পাটের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।