
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন বানিয়াজুরী ইউনিয়নের জাবরা এলাকায় ওরশ ও মেলায় গান পরিবেশনের সময় ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী মো. আবুল সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে মো. আবুল সরকারকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় তাকে আদালতে হাজির করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক নজরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।গ্রেফতারকৃত বাউল শিল্পী মো. আবুল সরকার (৬১) সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,গত ৪ নভেম্বর ‘খালা পাগলীর মাজারে’ আয়োজিত ওরশ-মেলায় গান পরিবেশনের এক পর্যায়ে তিনি ইসলামের মৌলিক বিশ্বাস ও স্রষ্টাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এতে দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সুপার মানিকগঞ্জ মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক টিম বৃহস্পতিবার দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।পরে ঘিওর থানায় মামলা রুজু করা হয়।জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন,ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী মো. আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে ১৫৩/২৯৫এ/২৯৮ ধারায় ঘিওর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।