
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও সাটুরিয়ার গোলড়া এলাকায় এক ঘন্টায় চারটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মুহুর্তেই জনশূন্য হয়ে পড়ে বাসস্ট্যান্ড এলাকারবিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ের মধ্যে এসব ককটেল বিস্ফোরণ করা হয়।ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই রিকশাচালক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।আহতরা হলেন- মানিকগঞ্জ পৌরসভার বান্দুটি এলাকার সাগর ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মো. নবীর হোসেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দশটার দিকে প্রথমে বাসস্ট্যান্ডের অদম্য ৭১ ভাস্কর্যের সামনে একসাথে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়। এরপর দশটা ২০ মিনিটে বাসস্ট্যান্ডের ইউনাইটেড হাসপাতালের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ডে আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।গোলড়া বাসস্ট্যান্ডের এক ফার্মেসী ব্যবসায়ী জানান, তার দোকানের সামনে মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিক থেকে আসা একটি কালো মাইক্রোবাস থেমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঢাকার দিকে চলে যায়।এদিকে, ইউনাইটেড হাসপাতালের সামনে থাকা এক রিকশাচালক জানান, ইউনাইটেড হাসপাতালের ছাদ থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে। এছাড়া, অদম্য ৭১ ভাস্কর্যের সামনে দ্রুতগামীর এক মোটরসাইকেল সর্বপ্রথম একযোগে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে, পুলিশের ধারণা, ফুটওভার ব্রীজের ওপর থেকে প্রথম দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।