
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি–সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকলেও এক পক্ষের বাড়িতে গিয়ে হুমকি–ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা ৪০ থেকে ৫০ জন লোকজন নিয়ে তাদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগকারী রেহাজুদ্দিন (৭৫) উপজেলার উত্তর গোলাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, পার্শ্ববর্তী বাইমাইল গ্রামের নুরুল ইসলামের তিন ছেলে—সবুজ (৪০), ফারুক (৩৭) ও হাবিবুর রহমান (৩২)—এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মানিকগঞ্জ দেওয়ানি আদালতে একটি মামলা বিচারাধীন।রেহাজুদ্দিনের অভিযোগ, গত শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সবুজ, ফারুক ও হাবিব ৪০-৫০ জন লোকজন নিয়ে তার বাড়িতে যান। তারা জোর করে মামলার জমির দখল ছাড়তে বলেন এবং পরিবারের সদস্যদের গালাগাল ও হুমকি দেন। এ ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কে রয়েছে।রেহাজুদ্দিনের স্ত্রী ফজিরন বেগম (৭০) বলেন, ‘প্রায় ৫০ বছর আগে আমরা জমিটা কিনেছি, তখন থেকেই ভোগদখলে আছি। জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমাদের সব কাগজপত্র আছে, আমরা আদালতের রায় মেনে নেব। কিন্তু এর মধ্যেই দুইবার লোকজন নিয়ে এসে আমাদের হুমকি দেওয়া হয়েছে।’তিনি জানান, তাদের চার ছেলে বিদেশে থাকেন। বাড়িতে তিনি, তার মেয়ে, চার পুত্রবধূ ও অসুস্থ স্বামী রয়েছেন। নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।অভিযুক্তদের একজন বলেন, ‘আমরা কাউকে হুমকি দিইনি। বাড়িতে যাইওনি। স্থানীয় মেম্বার ও মুরুব্বীরা জমি নিয়ে আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন। রেহাজুদ্দিন যে জমিতে আছেন, সে জমির রেকর্ড সংশোধনের জন্য আমরা আদালতে মামলা করেছি।’এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’