
শাওন আহমেদ,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতারা বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেছেন।শুক্রবার (১৩ জুন) সকালে এই কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় ঘিওর উপজেলার পাচুরুরিয়া এলাকায় প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন নেতারা। এরপর বেলা ১২টায় গিলন্ড মুন্নু সিটিতে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া মাহফিলে অংশ নেন তারা।পরে দুপুরে মুন্নু ক্যাফে রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম কার্যকরী সভা। সভায় জেলা বিএনপির সাম্প্রতিক সাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় কাঠামো মজবুতকরণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক আফরোজা খানম রিতা, আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, নাসির উদ্দিন আহমেদ যাদু ও অ্যাডভোকেট আতাউর রহমান খান ভূইয়া ফরিদ প্রমুখ।এসময় প্রয়াত দুই জাতীয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ অনুসরণ করেই জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।