
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. ফিরোজ আহম্মেদ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ মে) রাত পৌনে ১১ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় কাবাবিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ফিরোজ আহম্মেদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামে। বর্তমানে তিনি ঢাকার সাভারের চাপাইন এলাকায় ভাড়া থাকেন।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু হাসান অভিযানে নেতৃত্ব দেন। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।মানিকগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা।এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান আরও জোরদার করা হবে।