
বিশেষ প্রতিবেদক মানিকগঞ্জ।।দীর্ঘ ১৭ বছর ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসা মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুম মিয়ার অত্যাচারে আবারো অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছুদিন আত্মগোপনে থাকলেও, বর্তমানে ‘পুরনো স্টাইলে’ ফিরে এসে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে অভিযোগ উঠেছে।টর্চার সেল ও নির্যাতনের ফিরিস্তি: স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকের বেশি সময় ধরে মাসুম মিয়া এলাকায় একটি নিজস্ব ‘টর্চার সেল’ গড়ে তুলেছিলেন। সেখানে বিরোধী মতাদর্শী থেকে শুরু করে সাধারণ মানুষকে ধরে এনে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ভুক্তভোগীদের দাবি, সেই নির্যাতনের ক্ষত এখনো শুকায়নি অনেকের শরীর থেকে। অথচ এরই মধ্যে তিনি পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন এবং স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করছেন।অবৈধ ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতা: অভিযোগ রয়েছে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাসুম মিয়া এলাকায় মাদক কারবার থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নেশার স্বর্গরাজ্য গড়ে তোলার পাশাপাশি এলাকায় হেন কোনো অপকর্ম নেই যার সাথে তার সংশ্লিষ্টতা নেই। এমনকি তার হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ নারী সমাজও।নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ:ভুক্তভোগী এক নারী অত্যন্ত ক্ষোভ ও আতঙ্কের সাথে জানান তার ভয়ে আমরা মুখ খুলতে পারি না।প্রকাশ্য দিবালোকে সে নারীদের সাথে অশোভন আচরণ করে। প্রতিবাদ করলে ঘরে এসে হামলার হুমকি দেয়। আমরা এলাকায় শান্তিতে বসবাস করতে চাই।”
জনগণের দাবি:এলাকাবাসীর অভিযোগ, মাসুম মিয়া অত্যন্ত চতুরতার সাথে প্রভাবশালীদের ম্যানেজ করে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার এই বেপরোয়া আচরণের কারণে হাটিপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা অনতিবিলম্বে মাসুম মিয়ার অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এই বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সামাজিক অস্থিরতার আশঙ্কা করছেন।