
আকতার হোসেন,শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি কাটার মহোৎসব চলছে। এতে দুই ও তিন ফসলি জমি চাষের অযোগ্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগে অনেক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাই নাই, তাই রাগ করে এখন আর অভিযোগ দেইনা।সোমবার (১ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের সদর উপজেলা রুদ্রকর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব সোনামুখী এলাকায় গিয়ে দেখা যায়, মোঃ খালেক বেপারী ও মোঃ শাজাহান বেপারীর বাড়ির সামনে দুই জায়গায় দুইটি অবৈধ বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ফসলি জমি কাটা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অদৃশ্য এক নেতার ছত্রছায়ায় এই অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ড্রেজার দিয়ে কেটে নষ্ট করা হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মোঃ বোরহান মাদবর ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি কেটে বালু উত্তোলন করে আসছে। এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে স্থানীয়রা।স্থানীয় কৃষক কালু মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে চাষের জমির মাটি নিচের দিকে নেমে যায়।ফলে সে জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ছে। অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনে নেই কোনো নজরদারি। সরকারি কর্মকর্তারা বিষয়টি দেখেও না দেখার ভান করেছেন।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত বালু এভাবে তুলে ফেললে ওই জমিতে কোন ফসলই-তো আর হবে না।এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা বোরহান মাদবর বলেন, আমি ড্রেজার চালাই প্রশাসনের সাথে কথা বলেই চালাই, আপনার কোন কথা থাকলে প্রশাসনের সাথে বলেন।এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।