
আলমগীর রানা, খুলনা।। খুলনার ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন।সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিরোমণি থেকে মোটরসাইকেলযোগে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেন ফজলুর রহমান। পথিমধ্যে ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে খুলনার দিকে আসা একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমানকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাকে সিএনজিযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মোঃ ফজলুর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন। কর্মজীবনে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে দায়িত্ব পালন করেছেন। তার পিতার নাম আবু তালেব খান।ফজলুর রহমান যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা ছিলেন।একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবন শেষে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।