
ওয়াহিদ মুরাদ,খুলনা।।খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মঙ্গলবার (১৬ জুন) দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি বলেন, “খুলনাকে এমনভাবে সাজানো হবে, যাতে এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ ও নির্মল পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”নবনিযুক্ত চেয়ারম্যান আরও জানান, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিকল্পিত আবাসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করবেন। এ জন্য তিনি নগর পরিকল্পনাবিদ, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে তিনি খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।জানা গেছে, অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বর্তমানে খুলনা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ২৮ বছর পর তিনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগপ্রাপ্ত প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে এ পদে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন।খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) খুলনা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত নগরায়ণ, আবাসন উন্নয়ন, সড়ক অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছে। সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্বের অধীনে কেডিএর কার্যক্রমে আরও গতি আসবে এবং নাগরিকবান্ধব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে খুলনার সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।