
দিগন্তর রিপোর্ট।।বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে খুলনায় উদযাপিত হয়েছে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শুক্রবার সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে ১১ বছর পেরিয়ে পত্রিকাটি ১ যুগে পদার্পণ করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মো. রকিবুল ইসলাম বকুলের উপস্থিতিতে কেক কাটা। তাঁর হাত দিয়ে বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক যুগে পদার্পণ করে দৈনিক খুলনাঞ্চল। এ সময় উপস্থিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটনসহ খুলনার স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।একটি সংবাদপত্রের এক যুগের পথচলা কেবল সময়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য সংবাদকর্মীর শ্রম, নিষ্ঠা, দায়বদ্ধতা এবং পাঠকের ভালোবাসা। প্রতিষ্ঠার পর থেকে দৈনিক খুলনাঞ্চল স্থানীয় জনপদের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরার মধ্য দিয়ে যে পথ অতিক্রম করেছে, বর্ষপূর্তির এই আয়োজন সেই পথচলারই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংবাদপত্রের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কথা, এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটনের নেতৃত্বে দৈনিক খুলনাঞ্চল আগামী দিনেও সত্য, ন্যায় ও জনমানুষের প্রত্যাশাকে ধারণ করে সংবাদ পরিবেশনে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শুভানুধ্যায়ীরা।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান ও নগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নারী নেত্রী আজিজা খানম এলিজা, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ দিদারুল আলম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মুশফিক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতারা খুলনাঞ্চল সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।আনন্দ-উচ্ছ্বাস,সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয় দৈনিক খুলনাঞ্চলের এক যুগ পদার্পণের এই বর্ণাঢ্য আয়োজন।