
বিশেষ প্রতিবেদক।।জ্ঞানভিত্তিক সমাজ গঠন, পাঠাভ্যাসের প্রসার এবং মননশীল প্রজন্ম তৈরির প্রত্যয়ে খুলনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ বইমেলার উদ্বোধন করা হয়।খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের মতো বড় পরিসরে বইমেলার আয়োজন করায় এবার পাঠক ও দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা যায়। এতে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলোও বই বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া পেতে পারে। একই সঙ্গে এ বইমেলা এ অঞ্চলের মানুষের জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের জীবনব্যাপী জ্ঞান আহরণের যে আগ্রহ ও স্পৃহা, তা জাগিয়ে তোলা এবং পূরণে বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে। মেলায় দেশের খ্যাতনামা অনেক প্রকাশনীর স্টল থাকায় পাঠকেরা সহজেই পছন্দের বই কেনার সুযোগ পাবেন।সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার কোনো বিকল্প নেই। বই মানুষের পরম বন্ধু। এ বন্ধুকে জীবনের প্রকৃত সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারলে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে। একই সঙ্গে এ ধরনের সমাজ হবে তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি।এর আগে বিভাগীয় বইমেলা উপলক্ষে নগরীর নিউমার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বইমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আয়োজক সূত্রে জানা গেছে, নয় দিনব্যাপী এ বইমেলা ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন ও বই কেনার সুযোগ পাবেন।শুধু বই কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ না রেখে মেলাকে পাঠক, লেখক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত করতে প্রতিদিন থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা।এ ছাড়া মেলার প্রাণবন্ত পরিবেশ ও জ্ঞানভিত্তিক আলোচনা ছড়িয়ে দিতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্ব শান্তি’ এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে।বইপ্রেমীদের আগ্রহ বাড়াতে মেলা থেকে বই কেনা ক্রেতাদের জন্যও থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। প্রতিদিন বই ক্রয়কারীদের মধ্যে কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।এবারের বিভাগীয় বইমেলায় মোট ৯০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা অফিসের জন্য নয়টি স্টল রয়েছে। পাশাপাশি পুলিশ কন্ট্রোলরুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল রাখা হয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের খাবারের জন্য থাকবে পাঁচটি খাবারের স্টল।মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলো নিজ নিজ প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে। ফলে খুলনা বিভাগের বইপ্রেমীরা একই স্থানে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রকাশনীর বই দেখার পাশাপাশি পছন্দের বই সংগ্রহের সুযোগ পাবেন।আয়োজকদের প্রত্যাশা, নয় দিনের এ আয়োজন কেবল বই কেনাবেচার ক্ষেত্রই তৈরি করবে না; বরং খুলনা অঞ্চলে পাঠাভ্যাস, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।