
দিগন্তর রিপোর্ট।। বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-বিএনডিপির’র চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছেনা।সেজন্য বিএনপি জোট-ভারসেস-জামায়াত জোট মূল প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ হচ্ছে। তবে বিভিন্ন কানাঘুসায় জানা যাচ্ছে নির্বাচনে মেটিকুলাস ডিজাইন করে কেউ হয়তো নির্বাচন বৈতরনী পার হওয়ার চেষ্টা করছে যা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক।এরকম কারচুপির নির্বাচন জাতি মেনে নেবে না। আওয়ামীলীগকে যেমন লাল কার্ড দেখিয়েছে তেমনি আসন্ন নির্বাচনে ঐরকম কেউ করলে তাদেরও লাল কার্ড দেখিয়ে দেবে জনগণ।এক তরফা কোন কিছুই সাধারন মানুষ মেনে নেবেনা।তিনি গতকাল ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ মতিঝিল এসটিভি বাংলা কনফারেন্স হলে সকাল ১১ টায় দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন এর আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন নির্বাচন চায় জনগণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন এর চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার হিরুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জোট-বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের মূল চালিকা শক্তি জনগণ। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক তথা আমেরিকার জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এর মতে, জনগণের জন্য সরকার, জনগণ কর্তৃক শাসিত সরকার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান, আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলন আছে।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, তিনি তার বক্তব্যে বলেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই ইতি মধ্যে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ মন্তব্য করেছেন, এছাড়া তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কিছু হত্যাকাণ্ড, সংঘর্ষ, সহিংসতার কারণে জনগণ উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটারের সাথে নির্বাচনের পরিবেশ কেমন হবে এ সংক্রান্ত আলোচনায় তাদের ভাষায় বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ, স্বাভাবিক, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এটাই জনগণের প্রত্যাশা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জোট-বিএনএর মহাসচিব এ্যাড, জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, জনতা পার্টির চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), ইসলামী ঐক্য মহাজোট’র সদস্য সচিব হাজী মোঃ এবিএম জহিরুল আমিন, বাংলাদেশ ফেডারেল ডেমোক্রেটিক পার্টি’র চেয়ারম্যান প্রফেসর এআর খান, পাওয়ার পিপলস পার্টির চেয়ারম্যান এমএ ইউসুফ, বাংলাদেশ গ্রীন পার্টির সভাপতি কেসি মজুমদার (খোকন), বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গণজাগরণ পার্টি’র চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।