
নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা এমপি ও মন্ত্রীরা শপথ নেবেন আজ (মঙ্গলবার)। সাধারণত বঙ্গভবনের দরবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়; কিন্তু এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুদিন পর সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি শপথ পাঠ করান নতুন সরকারপ্রধান হতে যাওয়া বিজয়ী দলের নেতা ও মন্ত্রীদের। এতদিন তা বঙ্গভবনেই হয়ে আসছে। এবার স্থান বদল করার মাধ্যমে সেই রীতি ভাঙছে।সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ ঘিরে অন্তর্বর্তী সরকারের দিক থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব বিষয়ে বিএনপিকে জানাতে গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে যান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া সংসদ সদস্যদের শপথ সংসদের শপথকক্ষে আর মন্ত্রীদের শপথ বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুষ্ঠানের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু নতুন পরামর্শ এসেছে।দেশি- বিদেশি ১২০০ অতিথি থাকছেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কমবেশি ১ হাজার ২০০ দেশি- বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসাব ধরেই মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন।