ক্রাইম রিপোর্টার।।বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা নগরীর খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাট এলাকায় ভৈরব নদী থেকে পুলিশ এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।লাশ উদ্ধারের সময় যুবকের পরিচয় জানা যায়নি।আজ শুক্রবার খালিশপুর থানা পুলিশ তার পরিচয় জানিয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান গত ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন তাজকীর। সে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত ২১ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসা থেকে নগরীর গোয়ালখালী এলাকায় মামার বাড়িতে আসেন। সেখান থেকে খালিশপুরে প্রেমিকা সীমার সঙ্গে দেখা করতে বের হন। এরপর থেকে গত ৭ দিন নিখোঁজ ছিলেন।ওসি জানান, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মুরাদ হোসেন গত ২২ ফেব্রুয়ারি খালিশপুর থানায় একটি জিডি করেন। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি ৭ জনকে আসামি করে অপহরণ মামলা করেন। ওই মামলায় তাজকীরের প্রেমিকাসহ ৩ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।সীমার দাবি, তার মোবাইল ব্যবহার করে তার সাবেক স্বামী অভি তাজকীরকে ডেকে নিয়ে আসে। তিনি জানান, এ ঘটনার পর থেকে অভি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুর সময় আগে খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাট এলাকায় ভৈরব নদীর তীরে বস্তাবন্দি একটি লাশ আটকে যায়। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহতের আত্মীয়-স্বজনরা সেটি তাজকীরের লাশ বলে শনাক্ত করে।খানজাহান আলী থানার ওসি কবীর হোসেন জানান, লাশটি কয়েকদিনের পুরানো হওয়ায় তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।