শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলতলা গ্রামে পিতার হত্যার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর দুপুরে সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মোজাফফর হোসেন (৬৫) গুরুতর আহত হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ঘিওর এলাকার বৈলতলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মোজাফফর হোসেনের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।এসময় বক্তারা অভিযোগ করেন, আসামি আব্দুর রহমানসহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মোজাফফর হোসেনকে হত্যা করা হয়। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নিহতের ছেলে সালমান শাহ জানান, “আমার পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।আমরা এর সুষ্ঠু বিচার চাই।আমাকেও আসামিরা মেরে ফেলার জন্য নানান ভাবে হুমকি দিচ্ছে। আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে।”মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী স্থানীয় গণমান্য ব্যক্তিগণও বিচার দাবি করে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।