নিজস্ব প্রতিবেদক-খুলনা।। খুলনা নগরীর হরিণটানা থানার অন্তর্গত রায়েরমহল হামিদনগর। এখানে মাত্র তিন শতক জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। জমি দখলচেষ্টার অভিযোগে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।মামলার বাদী ফয়জুল আমিন খানের ভাষ্য অনুযায়ী, গত ২৬ জুন ২০২৬ তারিখে তিনি ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় ৩৬৮/২৬ নম্বর এমপি মামলা দায়ের করেন। এ ঘটনা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে তথ্যবহুল সংবাদও প্রকাশিত হয়।দীর্ঘ শুনানি শেষে গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত শুনানিতে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জমিটি নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। পরবর্তীতে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে এ-সংক্রান্ত আদেশের লিখিত কপি তৈরি করা হয়।আদালতের আদেশে উল্লেখ করা হয়, উভয় পক্ষের দাখিল করা আরজি, লিখিত জবাব, তদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র পর্যালোচনায় নালিশি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ বিরোধের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে।এ অবস্থায় জমির দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দ্বিতীয় পক্ষের বিবাদী শাহিন খানকে নালিশি জমিতে প্রবেশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।একই সঙ্গে উভয় পক্ষকে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আদেশ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে, জমিটি নিয়ে বিরোধের পাশাপাশি আলোচনায় এসেছে সেখানে নির্মিত দ্বিতল ভবনটির বৈধতার প্রশ্নেও।কেডিএর একজন কর্মকর্তা জানান, বিবাদী শাহিন খানের নির্মাণ করা দ্বিতল ভবনটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ—কেডিএর অনুমোদন ও নকশার বাইরে নির্মিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কেডিএর পরিদর্শক মোহম্মদ মাহবুবুর রহমান বলেন বিষয়টি জানতে পেরে ভবনের মালিক শাহিন খানকে কেডিএতে সরাসরি এসে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। কেডিএর প্লান ও নকশা বহির্ভূত কোন স্থাপনা কেউ করতে পারবেনা। যদি এমন নিয়ম বহির্ভূত স্থাপনা কেউ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অফিসিয়াল প্রসেস সম্পন্ন করে শীঘ্রই শাহিন খানের ভবনে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি এই প্রতিবেদককে জানান।