বিশেষ প্রতিনিধি।।মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের নেতৃবৃন্দ, ক্লাব সদস্য ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩-এর জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হারুনুর রশীদ দুলাল।সভাপতির বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ) বলেন, মানবসেবা ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো লায়ন্স ক্লাবের অন্যতম অঙ্গীকার। এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জোরদার করতে সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে।প্রধান অতিথি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সদস্যরা বিশ্বজুড়ে অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছেন।এ সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হারুনুর রশীদ দুলালসহ অন্য বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করা সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের পরিচালক লায়ন মোহাম্মদ মোরশেদ আলম প্রিন্স, এস এম আমান উল্লাহ, লায়ন তৌশিক আহমেদ হিরন, বিএনপি নেতা ও হাতিরঝিল প্রভাতী সংঘের সদস্য খাজা সলিম উল্লাহ টিপু, সংঘের যুগ্ম সম্পাদক মো. শফিউল্লাহ, শামসুল কবির চৌধুরী ও সহসভাপতি মো. শফিকুর রহমানসহ অন্যরা।অনুষ্ঠানের একপর্যায়ে নবনিযুক্ত ক্লাব পরিচালক লায়ন তৌশিক আহমেদ হিরনকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করেন লায়ন খান আকতারুজ্জামান ও লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। পরে মুসলিম উম্মাহর সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি তোফাজ্জল হোসেন। আলোচনা সভা শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।