স্টাফ রিপোর্টার' আক্তার হোসেন বাবলু।।মাগুরার মহম্মদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন ছোট ভাইয়ের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সিজয় মাহমুদ আকাশ। তিনি ওই গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি ও বিক্রি করতেন। সম্প্রতি তিনি জোরপূর্বক কিছু আসবাবপত্র বিক্রি করলে বিষয়টি নিয়ে তার মা ও ছোট ভাইয়ের স্ত্রী মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের বিষয়টি জানতে পেরে আকাশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার দিন বিকেলে তিনি ছোট ভাই বিজয় মাহমুদ চাঁদের স্ত্রীকে গালিগালাজ ও বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে বিকেল ৫টার দিকে বৃষ্টির মধ্যেই তিনি বাড়িতে আগুন ধরিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যান।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। পরে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম অসহায় হয়ে পড়েছেন। ষাটোর্ধ্ব মা সিমা পারভীন এবং ছোট ভাইয়ের পরিবার বর্তমানে দিশেহারা অবস্থায় রয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।