মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মুন্নী আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে সরকারি হাসপাতালগুলোতে এন্টিভেনোম ওষুধের ঘাটতি।স্বজনদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা পেলে শিশুটিকে হয়তো বাঁচানো সম্ভব হতো।গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় সাপের কামড়ে আহত হলে মুন্নি আক্তারকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালে এন্টিভেনোম না থাকার কারণে শিশুটিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অভিযোগ রয়েছে, সেখানেও ছিল না জীবনরক্ষাকারী এই ওষুধ।পরে ঢাকা নেওয়ার পথে রাত ৮টা ৩০ মিনিটে নয়াডিঙ্গী এলাকায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।নিহত মুন্নি আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা চরপাড়া গ্রামের বাসিন্দা সাগর বিশ্বাসের মেয়ে।মুন্নির চাচা এরশাদ জানান, “সদর হাসপাতালে নেওয়ার সময় মুন্নির জ্ঞান ছিল। এমনকি মেডিকেল কলেজে পৌঁছানোর পরও সে জীবিত ছিল। কিন্তু দুটি সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকায় আমরা তাকে হারিয়েছি। এটি সরকারি স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতা।”সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “আমরা অনেক আগেই এন্টিভেনোমের চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি, কিন্তু এখনো সরবরাহ আসেনি। সাধারণত সাপে কামড়ানো রোগীদের উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটির মৃত্যুর বিষয়টি আমি সরেজমিনে খতিয়ে দেখব।”