দিগন্তর রিপোর্ট।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার ওপর গুলি চালায়। শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ ওমসান হাদি বর্তমানে চিকিৎসাধীন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথা, বুক ও পায়ে আঘাতের কারণে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে।পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রথমে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা ছিল, পরে পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন,দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় ওসমান হাদির পেছনে রিকশায় থাকা মো. রাফি ঘটনাস্থলের বর্ণনা দিয়েছেন।অপরদিকে,অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।বর্বরোচিত এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক (বিএনডিপি) পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান,মহাসচিব শাহবাজ জামান, যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুর রব লিটন প্রমূখ।