জয় ই মামুন বিশেষ প্রতিবেদক:মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর যৌথ অভিযানে আটিগ্রামের বহুল আলোচিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি শফিকুল ইসলাম (৪০), ওরফে "বাইট্টা সফি", গ্রেফতার হয়েছে।গত কাল রাত আনুমানিক ১.৩০ মিনিটে সাভারের কাঁচা বাজার আড়ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শফিকুল ইসলাম (৪০) পিতা মৃত আব্দুল জলিল এবং মাতা মৃত আজেদার ছেলে। সে আটিগ্রামের আলোচিত সন্ত্রাসী ফারুক হোসেনের অন্যতম সহযোগী এবং আটিগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার এস আই কামালের নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশের একটি যৌথ দল সাভারে অভিযান চালায় এবং শফিকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে বহুল আলোচিত নাসির উদ্দিন ও তার পরিবারের উপর হামলার মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে আটিগ্রাম এলাকায় ফারুকের ছত্রছায়ায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত ছিল।গ্রেফতারের পর পুলিশ শফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে আদালত আজ তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং আগামীকাল তার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন।এই গ্রেফতারের পর আটিগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।