প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডাকাতি, বিকাশ এজেন্টের কাছ থেকে ১০ লাখ টাকা লুট

সাতক্ষীরা প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলায় এক বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাকে মারধর করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিকাশ এজেন্ট মো. মোকলেছুর রহমান (৩৫) উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে মোকলেছুর রহমান মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। হামলায় মোকলেছুর রহমানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Copyright © 2026 দৈনিক দিগন্তর. All rights reserved.