স্টাফ রিপোর্টার।।রাজধানীর রামপুরায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে বিকট শব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট ফ্ল্যাটে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা ভেতরে প্রবেশ করে কিছু আলামত দেখতে পান বলে জানা গেছে। এদিকে, ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দা ও পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি। ঘটনার রহস্য উদঘাটন ও আলামত উদ্ধারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরার উলন বাজার এলাকার ১২ নম্বর ক্লাব গলির শেষ মাথায় অবস্থিত ৩৯/৪ নম্বর ‘নাহুদা কাম গার্ডেন’ নামের আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে বিকট শব্দটি আসে। শব্দে ভবনের বাসিন্দা ও আশপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অনেকেই ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান" স্থানীয়দের অভিযোগ, বিকট শব্দের পর সংশ্লিষ্ট ফ্ল্যাটে প্রবেশ করতে চাইলে প্রথমদিকে বাধা দেওয়া হয়। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেন তারা। পরে একপর্যায়ে স্থানীয়রা জোরপূর্বক ফ্ল্যাটে প্রবেশ করলে সেখানে কিছু আলামত দেখতে পান বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।এ ঘটনায় ওই ভবনের তৃতীয় তলায় বসবাসকারী সুমন (২৬), পিতা মুজিবুর রহমান, মাতা ববি, স্থায়ী ঠিকানা চান্দিনা, কুমিল্লা—এবং পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া, যিনি সুমনের আত্মীয় বলে স্থানীয়রা জানিয়েছেন, তাদের আচরণ নিয়েও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকট শব্দের পর তারা ‘বোমার শব্দ, বোমার শব্দ’ বলে চিৎকার করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। শব্দের উৎস, ফ্ল্যাটে পাওয়া আলামত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।তবে বিকট শব্দের প্রকৃত কারণ কিংবা ফ্ল্যাটে পাওয়া আলামতের বিষয়ে পুলিশের এস আই জাহেদ বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ব্লান্ডার বাষ্ট হয়ে শব্দ তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিকট শব্দের উৎস কী, ফ্ল্যাটে কী ধরনের আলামত পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের অপেক্ষায়। তদন্তের অগ্রগতি ও আলামত উদ্ধারের মধ্য দিয়েই ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।