শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাব্বি ওরফে আব্দুল্লাহ হত্যার প্রতিবাদে এবং ঘাতক রাতুল ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় কাফাটিয়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করে কাফাটিয়া উচ্চ বিদ্যালয় ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মেধাবী ছাত্র রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক মুহাম্মদ মুকুল মিয়া,ইমরান খান, নজরুল ইসলাম, কাফাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুর রহমান, সহকারী শিক্ষক সুজন আহম্মেদ সহ নবম শ্রেণীর ছাত্রী আয়শা আক্তার, দশম শ্রেণীর ছাত্র ওবায়দুল্লাহ এবং নিহত রাব্বির মা আসমানী বেগম।
বক্তারা বলেন, ১১ অক্টোবর রাব্বি মেলায় ঘুরতে যায় সেখানে তাকে মেরে ফেলা হয়।“রাব্বি ছিল ভদ্র ও মেধাবী ছাত্র। তার মৃত্যুতে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে গেছে। দশ দিন পার হয়ে গেলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।” নিহতের মা আসমানী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।”এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।