জেলা প্রতিদিন।।মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ট্রলারে তোলা হয়েছিল, কিন্তু উপকূল ছাড়ার পর আটকে রাখা হয় গভীর সমুদ্রে। সাত দিন ধরে খাবার না দিয়ে চালানো হয় নির্যাতন। পরিবারের কাছে দাবি করা হয় মুক্তিপণ। টাকা দিতে না পারায় কয়েকজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট-সংলগ্ন সৈকতে এসে একটি ট্রলার আটকে গেলে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে পুলিশ।উদ্ধার হওয়া ভুক্তভোগীদের ভাষ্য, ট্রলারটিতে প্রায় ৭০ জন ছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন সাগরে ঝাঁপ দেন, আবার কয়েকজন স্পিডবোটে পালিয়ে যান।উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে ট্রলারে উঠেছিলেন, আবার কাউকে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।