শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষের ঐতিহ্যবাহী পুটাইল লক্ষ্মীপূজার মেলা। পুটাইল জনকল্যাণ সমিতি ও গ্রামবাসীর আয়োজনে এবারের মেলায় জমে ওঠে লোকজ উৎসবের রঙ।বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলার প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় যাত্রাপালা ‘কাসেম মালার প্রেম’, যা পরিবেশন করে ভাই বোন নাট্যগোষ্ঠী জেরিন সাজ ঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাগর আহমেদ সাবু।প্রধান অতিথি বক্তব্যে বলেন, “এই মেলাটি প্রায় দেড়শ বছরের পুরনো। ছোটবেলা থেকেই এই মেলাকে দেখে আসছি—এটি আমাদের গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।”আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব হবে।”যাত্রাপালার নায়িকা জেরিন আক্তার বলেন, “আমাদের ছোট একটি ক্লাব ভাই বোন নাট্যগোষ্ঠী জেরিন সাজ ঘর রয়েছে।এই ক্লাবের মাধ্যমে আমরা গ্রামীণ পুরোনো সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করি।”মেলায় এলাকাবাসীর উপস্থিতি ছিল উপচেপড়া। দেশীয় পণ্য ও গ্রামীণ খাবারের স্টলগুলোর ঘিরে পুরো প্রাঙ্গণ রূপান্তরিত হয়েছিল উৎসবমুখর পরিবেশে।স্থানীয়রা জানান, এই মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি গ্রামীণ ঐক্য, সংস্কৃতি এবং বিনোদনের এক অনন্য মিলনমেলা, যা প্রতিবছর গ্রামের মানুষকে আনন্দ ও একতার বোধে অভিভূত করে।