শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ডায়াবেটিক সমিতির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকালে মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী ডায়াবেটিক হাসপাতালের সামনে আজীবন সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে আজীবন সদস্য হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শামসুর রহমান দোলন চাপা, রফিকুল ইসলাম, ফারুক হোসেন লিটন, মো. সেলিম, মিজান বিশ্বাসসহ আরও অনেকে।বক্তারা অভিযোগ করেন, সমিতির কিছু কর্মকর্তা সিন্ডিকেট গঠন করে প্রশাসনিক স্বার্থ হাসিল করছেন। হাসপাতালের আয়-ব্যয়ের হিসাব কারচুপি, জরুরি বিভাগের ক্যাশ থেকে টাকা আত্মসাৎ, হাসপাতালের ফার্মেসি, খাবারের ক্যান্টিন ও গ্যারেজের মেয়াদোত্তীর্ণ চুক্তি নবায়ন ছাড়াই অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে। এসব অনিয়মের কারণে হাসপাতালের সেবার মানে নেমে এসেছে চরম অবনতি।তারা আরও বলেন, বর্তমানে হাসপাতালের খাবার ক্যান্টিন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।বক্তারা এডহক কমিটি ভেঙে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠন এবং সংশ্লিষ্ট দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।