মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: "সংবাদকর্মীরা সমাজের দর্পণ, আর তাঁদের সুরক্ষাই আমাদের অঙ্গীকার"—এই দৃঢ় প্রত্যয় ও ‘সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রাণ’ স্লোগানকে বুকে ধারণ করে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন পেশাজীবী সংগঠন ‘মঠবাড়িয়া সাংবাদিক ফোরাম’। একই সাথে উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সম্মুখে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।মাঈনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং আবদুর রাজ্জাক মেহেদীর সাবলীল সঞ্চালনায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্র পাঠ ও প্রস্তাবিত কমিটির নাম পেশ করেন তাজউদ্দিন আহমেদ টুকু। পরবর্তীতে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের সর্বসম্মতিক্রমে মাহবুবুল ইসলাম নান্না-কে আহ্বায়ক এবং তারেক মনোয়ার-কে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট শক্তিশালী আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—তাজউদ্দিন আহমেদ টুকু, মিজানুর রহমান মিজান, আবদুর রাজ্জাক মেহেদী, মাঈনুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান (২), আরিফ মল্লিক এবং ডলি আক্তার।কমিটি গঠনের পরপরই এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করেন ‘বাংলা-৫২’ চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান ও মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।অনুষ্ঠানে বক্তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরে বলেন “সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রাণ—এই বার্তাটি কেবল একটি আনুষ্ঠানিক স্লোগান নয়; এটি গণমাধ্যমের সাহসিকতা, বস্তুনিষ্ঠতা ও সত্য প্রতিষ্ঠার পেছনের অকুতোভয় মানুষদের সুরক্ষার সুদৃঢ় অঙ্গীকার। সংবাদকর্মীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সত্য প্রকাশের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।তাঁদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতেই আমাদের এই পথচলা।”অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে শুভকামনা জানান জিয়া খান, সাইফুর রহমান রিপন, আরিফ বিল্লাহ, মোঃ ইব্রাহিম, রিয়াজ পহলান, মেহেদী হাসান খান, ইব্রাহিম খলিলুল্লাহ তানভীরসহ এলাকার গণ্যমান্য ও পেশাজীবী সাংবাদিকবৃন্দ। সভা শেষে নতুন সংগঠনের সাফল্য ও সাংবাদিকদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।