শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের ভেদরগঞ্জে মহিষার ইউনিয়ন এলাকায় দখল দূষণে বিপর্যস্ত সাজনপুর খালটি উদ্ধার অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। খালটি সচল হলে মশা-মাছির উপদ্রব থেকে মুক্তি মেলার পাশাপাশি কৃষিক্ষেত্রে সুফল মিলবে বলে জানান কৃষকরা।বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) সকালে খালটির প্রবাহ ফেরানোর কাজ শুরু করে উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।খোঁজ নিয়ে জানা যায়, পদ্মার কীর্তিনাশা থেকে শুরু হয়ে ডামুড্যা পযন্ত সাজনপুর খালটির ১ কিলোমিটার অবস্থান। একসময় পানি প্রবাহ সচল থাকায় খালটি দিয়ে চলাচল করতো বিভিন্ন নৌযান।তবে দীর্ঘ দুই যুগ ধরে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে প্রবহমান খালটি। খালটির বিভিন্ন অংশে দোকানপাট ও বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলায় পানিপ্রবাহ বন্ধ হয়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে মশা মাছির উৎপাত বেড়ে ভোগান্তির শিকার হন ইউনিয়ন বাসী পাশাপাশি কৃষি জমির পানি খালে নামতে না পেরে বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা।এ দিকে খালটি সচল করার সময়ে সবধরনের প্রতিবন্ধকতা অপসারণ করার কথা জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিদ্র মন্ডল। তিনি বলেন, ভেদরগঞ্জ উপজেলার সাজনপুরের যে খালগুলো প্রবহমান ছিলো বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে। সেগুলো পুনরায় আমরা সচল করার উদ্যোগ গ্রহণ করেছি। আজ থেকে সাজনপুর খালটি খনন প্রক্রিয়া শুরু হয়েছে, যা কীর্তিনাশা নদীতে কানেক্ট করবে। খালটি সচল করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়লে তাও অপসারণ করা হবে।