সৈয়দ সিরাজুল ইসলাম হাসান।।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা শ্রীমঙ্গলে এসেছেন কৃতি সন্তান সরফরাজ আহমেদ সরফু। সোমবার (১৫ জুন) তাঁর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।ক্রিকেটপ্রেমী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংবর্ধনা অনুষ্ঠানে রূপ নেয়।এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ শ্রীমঙ্গলের সর্বস্তরের সাধারণ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে নবনির্বাচিত বিসিবি পরিচালককে বরণ করে নেন।স্থানীয়রা মনে করেন, সরফরাজ আহমেদ সরফুর এই অর্জন শ্রীমঙ্গলবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে দেশের ক্রিকেটের পাশাপাশি তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন তারা।উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলবাসী তাদের প্রিয় সন্তানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে অভিনন্দন ও শুভকামনা জানান।