শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক ব্রিজে বাসের ধাক্কায় সুশান্ত পাল (৪২) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রিফাত (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুশান্ত পাল সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালরা পালপাড়া গ্রামের মৃত অসীম পালের ছেলে। আহত রিফাত হরিরামপুর উপজেলার পিপুলিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সুশান্ত পাল তার দুই ভাই ও শ্বশুরকে সঙ্গে নিয়ে বালিরটেক ব্রিজে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ব্রিজের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় তারাসীমা গার্মেন্টসের একটি শ্রমিকবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুশান্তের মৃত্যু হয়।এ সময় ঘটনাটি দেখে একটি মোটরসাইকেলে থাকা রিফাত ব্যালেন্স হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুশান্ত পালকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। ঘাতক বাস ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।