খুলনা জেলা প্রতিনিধি।। খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী শাহেদ মাহমুদ পানিতে ডুবে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা প্রায় ১১টা ৪৫ মিনিটে নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের একটি পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, শাহেদ মাহমুদ গোসল করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সে সাঁতার জানত। তবে গোসল করতে নেমে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।নিহত শাহেদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবনী একটি বেসরকারি ব্যাংক (ইউসিবিএল)-এর কর্মকর্তা। দুর্ঘটনার সময় তার বাবা ও বড় ভাই শাকের মাহমুদ, যিনি খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী, বাসায় অবস্থান করছিলেন।শাহেদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠীরা একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত।পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার বাদ আসর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।পরে নগরীর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হবে।এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।স্থানীয়রা শিশুদের জলাশয়ের আশপাশে চলাফেরা ও গোসলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।