জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।।মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের গাজীরচাইল গ্রামের বাসিন্দা ও শিক্ষক মানবেন্দ্রনাথ সরকার (৫৬) নিখোঁজ হওয়ার দুই দিন পর গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। নিখোঁজ হওয়ার পরপরই পরিবার দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের জয়দেবপুর থানার একটি রেললাইনের পাশ থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা সেখানে যান। পরে তারা মরদেহটি মানবেন্দ্রনাথ সরকারের বলে শনাক্ত করেন। নিহতের আত্মীয় হরিদাস কুন্ডু জানান, মরদেহটি খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় এবং আজ (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে তারা মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন।এ বিষয়ে ঢাকা বিভাগের রেলওয়ে থানার অপমৃত্য মামলা নাম্বার-৮০, তারিখ-২৪/৪/২০২৫ মামলা হয়েছে বলে জানা গেছে।