ক্রাইম রিপোর্টার।।খুলনা শিশু হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় ৮ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলেছেন শিশুটির বাবা-মা।মৃত শিশুটির নাম জান্নাতুল হুমাইয়ার।তার বাবা আব্দুল মজিদ জানান, প্রসাবে সংক্রমণের কারণে গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনা শিশু হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসা স্বাভাবিকভাবেই চলছিল। তবে আজ রোববার (১২ জানুয়ারি) রাতে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরান আশরাফের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর একজন নার্স এসে শিশুটিকে দুটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটির শরীর কালো হয়ে যায় এবং রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।শিশুটির মা হালিমা অভিযোগ করে বলেন, তার স্বামীর সঙ্গে চিকিৎসকের কথাকাটাকাটির জের ধরেই তাদের সন্তানকে ভুল চিকিৎসার মাধ্যমে মেরে ফেলা হয়েছে।মৃত শিশুটির বাবা ও মা দুজনই স্কুলশিক্ষক। তারা খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বাসিন্দা।এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. কামরান আশরাফ বলেন, আগের দিন থেকে যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছিল, রাতে শিশুটিকে ঠিক একই ওষুধ একইভাবে দেওয়া হয়েছে। নতুন বা আলাদা কোনো ইনজেকশন কিংবা ওষুধ দেওয়া হয়নি।খুলনা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এখন পর্যন্ত মৃত শিশুর পরিবার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।