নিজস্ব প্রতিবেদক।।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চোরাই যাওয়া একটি ল্যাপটপ ও তিন কয়েল তার উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার একটি চৌকস দল ঢাকার রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কেএমপি খালিশপুর থানার মামলা নং-০২(০৫)২৬, ধারা-৩৮০ পেনাল কোডের এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাহাবুদ্দিন (২২) ও মোঃ রিফাত হোসেন সায়েম (২১)। তাদের উভয়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার বড় রঘুনাথপুর এলাকায়। তারা ঢাকার বনশ্রী এলাকার গ্রিন অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন।গত ১৫ মে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বনশ্রীর গ্রিন অ্যাপার্টমেন্টের একটি মেস থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ ও তিন কয়েল তার উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।