ক্রাইম রিপোর্টার,আক্তার হোসেন বাবলু।।খুলনার খালিশপুরে সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন ও একাধিক মামলার আসামি মোঃ রনি ওরফে ন্যাটা রনিকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।র্যাব জানায়, সারা দেশে বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় সংঘটিত সোনামিয়া হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।গত ২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ন্যাটা রনিকে গ্রেফতার করা হয়।র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় সোনামিয়া হত্যা মামলাসহ ২টি হত্যা চেষ্টা, ১টি দস্যুতা এবং ২টি চুরির মামলাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।