দিগন্তর ডেস্ক।। কলকাতায় নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন।২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন আনার।পরে কলকাতার একটি বাড়িতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় কলকাতায় মামলা হয়। ঢাকায় শেরেবাংলা নগর থানায় বাবার হত্যার ঘটনায় মামলা করেছিলেন ডরিন। তখন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন তিনি।ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহীন।তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে যায়। একে একে জামিনে মুক্তি পান গ্রেপ্তার আসামিরা।সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান শিমুল ভুঁইয়া।